কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা গভীর সমুদ্রবন্দরে একটি কনটেইনার টার্মিনাল নির্মাণের জন্য ভারত ও জাপানকে প্রস্তাব দিচ্ছে শ্রীলঙ্কা। মঙ্গলবার শ্রীলঙ্কার কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, চীনের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাবের বিপরীতে ভারসাম্য রাখতে চাচ্ছে শ্রীলঙ্কা। যদিও গত মাসে চীনা-পরিচালিত ৫০ কোটি ডলারের কনটেইনার জেটির পাশেই কলম্বো বন্দরের ইস্ট কনটেইনার টার্মিনাল নির্মাণে দিল্লি ও টোকিওর সঙ্গে থাকা একটি চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছিল শ্রীলঙ্কা সরকার। কিন্তু মঙ্গলবার নতুন সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা সরকার। তারা ওয়েস্ট কনটেইনার টার্মিনাল (ডব্লিউসিটি) নির্মাণে ভারত ও জাপানকে প্রস্তাব দিতে চলেছে। এই টার্মিনালটি চীনা পরিচালিত জেটির অপরদিকে অবস্থিত। শ্রীলঙ্কা সরকারের মুখপাত্র কেহেলিয়া রামবুকওয়েলা কলম্বোতে সাংবাদিকদের বলেন, ডব্লিউসিটি নির্মাণে শুধু ভারত ও জাপানের সঙ্গেই আলোচনা হবে। তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, ডব্লিউটিসি নির্মাণে ভারত ও জপানকে ৮৫ শতাংশ অংশীদারিত্ব দেওয়া হবে। কলম্বো ইন্টারন্যাশনাল কনটেইনার টার্মিনাল (সিআইসিটি) নির্মাণের ক্ষেত্রে চীনকেও একই অংশ দেওয়া হয়। কিন্তু দিল্লি ও জাপান কীভাবে তাদের অংশীদারিত্ব ভাগ করবে সেটা এখনো স্পষ্ট নয়। কলম্বোর ভারতীয় হাইকমিশন সর্বশেষ এই প্রস্তাবের অনুমোদন দিয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। আর নতুন প্রস্তাবের ব্যাপারে জাপান সরকারের মুখপাত্রও কিছু জানাননি।
বিশ্বের অন্যতম বাণিজ্য হাব দুবাই এবং সিঙ্গাপুরের মধ্যে ভারত মহাসাগরে কলম্বোর অবস্থান। দুটি চীনা সাবমেরিন ২০১৩-১৪ সালে সিআইসিটিতে নোঙ্গর ফেলেছিল। ২০১৪ সালে চীনা সাবমেরিনের প্রতিবাদ জানিয়েছিল ভারত। তারপর থেকে সাবমেরিনের অনুমতি দেওয়া বন্ধ রেখেছে শ্রীলঙ্কা। বিপুল পরিমাণ ঋণ শোধ করতে না পেরে ২০১৭ সালের ডিসেম্বরে হামবানটোটা গভীর-সমুদ্র বন্দরের নিয়ন্ত্রণ নিতে চীনা মার্চেন্টস পোর্ট হোল্ডিংসকে অনুমোদন দেয় শ্রীলঙ্কা। বিশ্বের ব্যস্ততম পূর্ব-পশ্চিম জাহাজ রুটকে যুক্ত করেছে এই বন্দর। চীনা কোম্পানিটিকে ৯৯ বছরের জন্য বন্দরটি ইজারা দেওয়া হলে দেশের ভেতরে ও বাইরে উদ্বেগ দেখা দেয়। ভারত ও যুক্তরাষ্ট্র উদ্বেগ জানায় যে, এই হাম্বানটোটা বন্দরে চীনের উপস্থিতি দেশটিকে ভারত মহাসগারে সামরিক সুবিধা দেবে।