মোতেরাতে এবার ঘুরে দাঁড়াতে চায় ইংল্যান্ড

আগের ম্যাচের লজ্জাকে পিছনে ফেলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে আজ মোতেরায় আবার মাঠে নামবে জো রুটের ইংল্যান্ড। ভারতের স্পিন আক্রমণ ও মোতেরার পিচকে জয় করার স্পৃহা নিয়েই আজ চতুর্থ ও শেষ টেস্ট শুরু করবে সফরকারীরা। অপরদিকে গত দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়া ভারত চাইবে তাদের সাম্প্র্রতিক ছন্দকে কাজে লাগিয়ে সিরিজের শেষ টেস্টটিও দ্রুত পকেটবন্দি করতে। এই ম্যাচে হার এড়ালেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে কোহলিদের।

গত এক সপ্তাহে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় ছিল সম্ভবত মোতেরার পিচ। মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টটি শেষ হয়েছিল পৌনে দুই দিনেই। স্বাভাবিকভাবে এই ক্ষণস্থায়ী টেস্টের সিংহভাগ দায়ভার গিয়ে পড়েছে তার পিচের ওপরই। ম্যাচের পর থেকে মাইকেল ভন, অ্যালিস্টার কুকরা নেতৃত্ব দিয়েছেন পিচের মুন্ডুপাতকারী আর্মির, আর রবিচন্দন অশ্বিন ও সুনীল গাভাস্কাররা সপ্তাহ জুড়ে দিয়েছেন পালটা যুক্তি। এক সপ্তাহ পর আবার এই মোতেরার পিচেই সিরিজের শেষ টেস্ট খেলতে মাঠে নামছে দুই দল। পিচের অবস্থা আগের দুই টেস্টের মতো হতে পারে বলে জানিয়েছেন ভারতের সহঅধিনায়ক অজিঙ্কা রাহানে।

জাসপ্রিত বুমরাহর অনুপস্থিতিতে আজ ভারতের একাদশে ডাক পেতে পারেন বর্ষীয়ান পেসার উমেশ যাদব। আর স্পিনিং পিচে আরো ধারালো আক্রমণের আশায় আজ স্টুয়ার্ট ব্রডকে বসিয়ে ডমিনিক বেসকে একাদশে ডাকতে পারে ইংল্যান্ড। এই ম্যাচ জিতে মাথা উঁচিয়েই এবারের শীতকালীন সফরের লাল বলের পর্ব শেষ করার স্বপ্ন দেখছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট, ‘এটা অধিনায়ক হিসেবে আমার সর্বোচ্চ অর্জনগুলোর একটি হবে। গত কয়েক বছরে আমরা যে অগ্রগতি এনেছি, বিশেষ করে দেশের বাইরে খেলে, তা সত্যিই দারুণ। যদি আমরা এই ম্যাচে জিতি, তাহলে সফরে ছয় টেস্টের মধ্যে চারটিতেই জয় নিয়ে ফিরব আমরা। বিদেশের মাটিতে এমন ফলাফল সতিই খেলোয়াড়দের জন্য অসাধারণ একটি অর্জন হিসেবে মনে রাখা হবে।’ ওদিকে ভারত শিবিরের কণ্ঠস্বর ভিন্ন। এই ম্যাচে জিততে বা ড্র করতে পারলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লিখাবে স্বাগতিকরা। তবে সেদিকে দলের নজর নেই বলেই দাবি ভারত অধিনায়ক বিরাট কোহলির।  ভারতের মতো দলের জন্য এই ফাইনাল একটি সাধারণ ক্রিকেট ম্যাচই, দাবি কোহলির।