এএফসির চিঠিতে নড়েচড়ে বসেছে বাফুফে

এএফসি হতে বাফুফের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহির নামে একটি চিঠি এসেছে। এএফসি বলেছে, বাংলাদেশ সমবায় ব্যাংকের চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছে। যেখানে বাফুফের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহির নামও রয়েছে। এএফসির চিঠিতে বলা হয়েছে, ব্যাংকের স্বর্ণালংকার আত্মসাত্ করা হয়েছে। এই অভিযোগ বাংলাদেশের সংবাদমাধ্যমে উঠে এসেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের সবার নাম উল্লেখ করেছে দুদক। এ ব্যাপারে বাফুফের অবস্থান কী ? বাফুফে কী ব্যবস্থা গ্রহণ করেছে তা জানাতে দ্রুত জবাব দিতে বলা হয়েছে। ১৬ মার্চের মধ্যে জবাব পাঠাতে হবে। 

গতকাল বিকালে মহিউদ্দিন মহি বাফুফে ভবনে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে কথা বলে বেরিয়ে এসে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দেন। মহি বলেন, ‘আমি চেয়ারম্যান হিসেবে স্বর্ণালঙ্কারের বিষয়ে জড়িত না। চেয়ারম্যান হিসেবে এটা আমার দায়িত্ব না। আমাকে বাফুফে হতে মৌখিকভাবে বলা হয়েছে। আমি শুনেছি একটা চিঠি এসেছে। আমাকে লিখিত দেওয়া হলে জবাব দেব।’ বাফুফে সভাপতির কাছেও মহির নামে আসা এএফসির চিঠির বিষয়ে প্রশ্ন উঠলে কাজী সালাহউদ্দিন বলেন, ‘এ বিষয়টা আদালতের। আমি এটা নিয়ে মন্তব্য করতে পারি না। এএফসি একটা চিঠি পাঠিয়েছে সেটা বাফুফের সংশ্লিষ্ট এথিকস কমিটি আছে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে কারো ব্যক্তিগত বিষয় নেই। এথিকস কমিটি রিপোর্ট দিলে সেটা এএফসিতে পাঠিয়ে দেওয়া হবে।’ 

এএফসির চিঠিতে উল্লেখ করা হয়, ব্যাংকের ৯ জনের মধ্যে পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে তাদেরকে সেগুনবাগিচা এলাকা হতে গ্রেফতার হয়। দুই হাজার গ্রাহকের সাত হাজার ৪০০ ভরি স্বর্ণালঙ্কার বন্ধক রাখা ছিল সমবায় ব্যাংকে যার মূল্য উল্লেখ করা হয়েছে ২২ কোটি টাকা। সেখান থেকে সাড়ে ১১ কোটি টাকার স্বর্ণালঙ্কার উধাও হয়ে গেছে বলে এএফসির চিঠিতে বলা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ব্যাংকের চেয়ারম্যান বাফুফের সহসভাপতি মহিউদ্দিনের নাম উল্লেখ রয়েছে। গতকাল মহি বলেন, ‘আমি আজ (গতকাল) স্থায়ী জামিন পেয়েছি।’

প্রিমিয়ার ফুটবলের

পয়েন্ট তালিকা

দল                  খেলা  জয়   ড্র     হার    গোল  পয়েন্ট

বসুন্ধরা কিংস           ১২       ১১     ১        ০      ৩২/৫        ৩৪

শেখ জামাল             ১১       ৬       ৫       ০      ২৯/১৬      ২৩

আবাহনী                  ১১       ৬       ৪       ১      ২১/১১      ২২

মোহামেডান             ১১       ৫       ৪       ২      ১৭/১২      ১৯

সাইফ স্পোর্টিং          ১১       ৬       ১        ৪      ১৯/১৬      ১৯

শেখ রাসেল             ১১       ৫       ২        ৪      ১৫/১৫      ১৭

চট্টগ্রাম আবাহনী        ১১       ৪       ৪       ৩      ১৩/১১      ১৬

পুলিশ এফসি           ১১       ৩       ৩       ৫      ১৪/১৭      ১২

রহমতগঞ্জ                 ১১       ২       ৪       ৫      ৮/১৩        ১০

উত্তর বারিধারা         ১১       ১       ৬        ৪      ১৮/২৩      ৯

মুক্তিযোদ্ধা               ১১       ২       ৩       ৬      ৭/১৬        ৯

ব্রাদার্স ইউনিয়ন        ১১       ১       ২        ৮      ১২/২১      ৫

আরামবাগ                ১১       ০       ১        ১০    ১০/৩৯      ১