আবুধাবিতে গত মঙ্গলবার শুরু টেস্ট শেষ হয়ে যায় বুধবারেই। তাতে আফগানদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। প্রথম ইনিংসে আফগানদের ১৩১ রানের জবাবে অধিনায়ক শন উইলিয়ামসের সেঞ্চুরিতে ২৫০ রান করেছিল জিম্বাবুয়ে। ১১৯ রানের এই বড় লিডই গড়ে দেয় ম্যাচের গতিপথ। দ্বিতীয় ইনিংসে ইব্রাহিম জাদরানের দারুণ লড়াই সত্ত্বেও তারা করতে পারে মাত্র ১৩৫ রান। ১৭ রানের জয়ের লক্ষ্য পেরুতে কেবল ২০ বল খেলতে হয়েছে জিম্বাবুয়ের দুই ওপেনারকে। দলের এই দাপুটে জয়ে দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট করে নিয়েছেন জিম্বাবুয়ের দুই পেসার মুজারাব্বানি ও নিয়াউচি। আরেক পেসার ডোনাল্ড টিরিপানো পেয়েছেন ৪ উইকেট।