কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মঈনউদ্দীন আবদুল্লাহকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বুধবার এসংক্রান্ত আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, দুদকের চেয়ারম্যান পদে মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা ভোগ করবেন।
মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের চেয়ারম্যান পদে ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হচ্ছেন। ইকবাল মাহমুদের মেয়াদ আগামী ১৩ মার্চ শেষ হচ্ছে।
দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ ২০১৮ সালের আগস্ট মাসে কৃষি মন্ত্রণালয়ে সচিব হিসেবে পদোন্নতি পান। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেন। কৃষি মন্ত্রণালয় থেকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতির পর তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে যোগ দেন। এখান থেকে অবসরে যাওয়ার পর ২০১৯ সালের জুলাই মাসে রাষ্ট্রায়ত্ত উন্নয়ন সংস্থা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পান।
১৯৫৯ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ১৯৮৩ সালে উপজেলা ম্যাজিস্ট্রেট হিসেবে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগ দেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।
গতকাল একই সঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান মো. জহুরুল হককে দুদকের কমিশনার করা হয়েছে। তার পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা হবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমান।