বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া স্বাধীনতাবিরোধীদের দেশে প্রতিষ্ঠিত করেছেন -------------- চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সমপাদক নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জিয়াউর রহমান এ দেশে যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠিত করেছেন। জিয়া ক্ষমতা দখল করে আসার পর রাজাকার আলবদরদের বিচার বন্ধ করে দিয়েছিলেন, কারাগারে আটক সব যুদ্ধাপরাধীকে মুক্ত করে দিয়েছিলেন, নরঘাতক যুদ্ধাপরাধী গোলাম আজমকে এ দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। সংবিধান সংশোধন করে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ থাকার বিধান বাতিল করেছিলেন। জামায়াত  ইসলামীসহ স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ করেছিলেন।

বুধবার দুপুরে শিবচরের কাদিরপুর ইউনিয়নে মুন্সী কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবন উদ্বোধন শেষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন চিফ হুইপ একই ইউনিয়নে মানিকপুর উচ্চ বিদ্যালয়ের তিন তলা ভবন ও দত্তপাড়া ইউনিয়নে দত্তপাড়া টিএন একাডেমির চার তলা ভবন ও শহিদ মিনার উদ্বোধন করেন।