মুশতাকের মৃত্যু, দুই তদন্ত কমিটির প্রতিবেদন জমা

কারা কর্তৃপক্ষের গাফিলতি পায়নি কারা তদন্ত কমিটি

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় গঠিত তিনটি তদন্ত কমিটির মধ্যে দুটি কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। এর মধ্যে কারা কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি এই মৃত্যুতে কারা কর্মকর্তাদের কোনো গাফিলতি পায়নি। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটিও প্রতিবেদন জমা দিয়েছে। তবে কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদার প্রতিবেদনের বিষয়ে কিছু বলতে রাজি হননি। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ বিষয়ে বিস্তারিত বলবেন।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন বলেন, একজন উপ-কারা মহাপরিদর্শককে প্রধান করে আমরা যে তিন সদস্যের কমিটি গঠন করেছিলাম সেই কমিটি বুধবারই প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনটি আজই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। প্রতিবেদনে কী আছে? জানতে চাইলে তিনি বলেন, আরো যেহেতু একাধিক তদন্ত কমিটি কাজ করছে, তাই এখনই প্রতিবেদনের বিষয়ে কিছু বলা যাবে না। তবে যে কোনো তদন্ত কমিটির প্রতিবেদনে যদি কারা কর্মকর্তাদের গাফিলতি পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা কী তদন্তে কোনো কর্মকর্তার গাফিলতি পেয়েছেন? জবাবে তিনি বলেন, আমরা কোনো গাফিলতি পাইনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদারকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা ছিলেন—গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, কারা উপ-মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির, গাজীপুর জেলা কারাগারের সহকারী সার্জন ডা. কামরুন নাহার। এছাড়া সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আরিফ আহমদ কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পালন করেন।

এছাড়াও মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সময় আরো পাঁচ দিন বাড়ানো হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, মুশতাক আহমেদের মৃত্যুর আগে তার চিকিত্সায় কারো অবহেলা আছে কি না, তা খতিয়ে দেখতে অভ্যন্তরীণভাবে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াসিউজ্জামান চৌধুরী ও উম্মে হাবিবা ফারজানা।