বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সস্ত্রীক এবং দুই জন সফরসঙ্গীসহ শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। গতকাল বুধবার ছয় দিনের এক সরকারি সফরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে বিমানের মাধ্যমে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়েন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রীলঙ্কা বিমান বাহিনীর ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে দেশটির কমান্ডার অব দ্য এয়ার ফোর্স এয়ার মার্শাল এস কে পাথিরানার আমন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এই সফরে যান। শ্রীলঙ্কা সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান শ্রীলঙ্কা বিমান বাহিনীর ৭০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সফরের অংশ হিসেবে তিনি শ্রীলঙ্কা বিমান বাহিনী ঘাঁটি কাতুনায়াকে অনুষ্ঠিত একটি পতাকা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। উক্ত অনুষ্ঠানে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেখানে বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ নামক বইটি শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে উপহার দিবেন। সফর শেষে বিমান বাহিনী প্রধান আগামী ৮ মার্চ দেশে ফিরবেন।