দি বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। বিমসটেকের নব-নিযুক্ত মহাসচিব (এসজি) তেনজিন লেকফেল গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাত্কালে এই অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর গণমাধ্যমকে ব্রিফিং করেন।
বিমসটেক মহাসচিব শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সফলভাবে কোভিড-১৯ মহামারি মোকাবিলা করে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করায় তার সরকারের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী আশা করেন—আগামী দিনগুলোতে করোনা ভাইরাস পরিস্থিতির আরো উন্নতি হবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভুটানের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে শেখ হাসিনা বলেন, ভুটান বাংলাদেশের স্বাধীনতা স্বীকৃতি দানকারী প্রথম দেশ। বিমসটেকের নয়া মহাসচিব তেনজিন লেকফেল শেখ হাসিনাকে ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রীও ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
তেনজিন লেকফেল ২০২০ সালের ৬ নভেম্বর বিমসটেকের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিমসটেক দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন। বিমসটেকভুক্ত দেশগুলোতে ১ দশমিক ৫ বিলিয়ন লোকের বাস।