বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মাহবুব তালুকদার নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেননি। সিইসিই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ থেকে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বিতাড়িত হয়েছে। সিইসির ন্যূনতম লজ্জা থাকলে তিনি ইসি মাহবুব তালুকদারের সমালোচনা করতেন না বরং নিজের অপকর্মের জন্য অনুশোচনা করতেন। দেশের গণতন্ত্রের ধ্বংসের জন্য দায়ী এ সিইসি।
গতকাল বুধবার সকালে মিরপুরে বিক্ষোভ মিছিল শেষে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। সরকারের হেফাজতে লেখক মুশতাকের মৃত্যু ও জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি মিরপুর ১১ থেকে ১০ এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষ হওয়ার আগেই পুলিশ এসে সমাবেশ থেকে চার কর্মীকে আটক করে নিয়ে যায়।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন দলের মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক, পল্লবী থানার সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ মল্লিক প্রমুখ ।