হজ করতে টিকা নিতে হবে :সৌদি স্বাস্থ্যমন্ত্রী

এ বছর হজ পালনকারীদের জন্য কোভিড-১৯-এর টিকা গ্রহণ বাধ্যতামূলক করতে যাচ্ছে সৌদি সরকার। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য দিয়েছে একটি সৌদি সংবাদপত্র।

 সৌদি স্বাস্থ্যমন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়াহ এই বছরের পবিত্র হজে অংশ নেওয়ার ক্ষেত্রে কোভিড-১৯-এর টিকা নেওয়ার বিষযটি মূল শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন। যারা টিকা নেবেন না তারা এ বছর হজে অংশ নিতে পারবেন না বলে জানানো হয়। মন্ত্রীর নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপনকে উদ্ধৃত করে প্রকাশিত ঐ সংবাদে বলা হয়, হজের সময় মানুষকে স্বাস্থ্যসেবা দিতে জনবল সরবরাহর জন্য দ্রুত প্রস্তুতি নিতে হবে।

 হজ পালনকারীদের কোভিড-১৯-এর সংক্রমণ থেকে মুক্ত রাখতে পদক্ষেপ গ্রহণে একটি কমিটি গঠনেরও নির্দেশনা দিয়েছেন ডা. আল রাবিয়াহ । যদিও এই বছরের হজে অংশ নেওয়ার বিষয়টি এখনো পরিষ্কার নয়। করোনা ভাইরাস মোকাবিলায় সীমিত সংখ্যক সৌদি এবং দেশটিতে অবস্থানরত বিদেশি মুসলিমদের অংশগ্রহণে গত বছর হজ পালন করা হয়েছিল।

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দার বিবিসি বাংলাকে বলেছেন, ‘এই রকম একটি খবর আমরা গণমাধ্যমের বরাতে জানতে পেরেছি, তবে এখনো সৌদি আরব থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা পাইনি।’

তিনি বলেন, তবে আমাদের এই বিষয়েও প্রস্তুতি আছে। আমাদের জন্য বরাদ্দ কোটা অনুযায়ী যারা হজে যাওয়ার জন্য নিবন্ধন করবেন, তাদের আমরা বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়ার ব্যবস্থা করে দেব। ফলে তাদের করোনা ভাইরাসের টিকা পেতে কোনো সমস্যা হবে না।