হোয়াইট হাউজের বাজেট পরিচালক পদে নিরা ট্যান্ডনের মনোনয়ন বাতিল করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নিরার ডেমোক্র্যাট সহকর্মীদের মধ্যেই তার মনোনয়ন নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছিল। এ নিয়ে সমালোচনাও শুরু হয়। এরপর নিরা নিজেই তার মনোনয়ন প্রত্যাহারের অনুরোধ জানান। এদিকে প্রেসিডেন্ট বাইডেন টিকা প্রয়োগের ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর সিএনএনের
মঙ্গলবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমি নিরা ট্যান্ডের আবেদন গ্রহণ করেছি। তার মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। সিনেটে নিরা ট্যান্ডন মনোনয়ন পাবেন না বলেই ধারণা ছিল। কারণ সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির ৫০-৫০ আসন রয়েছে। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভোট ডেমোক্র্যাটদের জয়ের আলো দেখায়। কিন্তু এরই মধ্যে ডেমোক্র্যাট সিনেটর জো মানচিন জানিয়েছেন, তিনি নিরা ট্যান্ডনকে ভোট দেবেন না। এতেই সিনেটে জয়ী না হওয়ার আশঙ্কা বাড়ে।
প্রেসিডেন্ট জো বাইডেন টিকা দেওয়ার ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এর ফলে শিক্ষার্থীরা নিরাপদে স্কুলে যেতে পারবে। মার্চের শেষ পর্যন্ত যাতে প্রত্যেক শিক্ষক অন্তত এক ডোজ টিকা পান সেই ব্যবস্থা করার আহ্বান জানান প্রেসিডেন্ট বাইডেন। তিনি আশা করেন, মে মাসের মধ্যেই পর্যাপ্ত টিকা পাওয়া যাবে এবং প্রাপ্তবয়স্করাও সেই ভ্যাকসিন পাবেন।