ইরাকের মার্কিন ঘাঁটিতে ১০ টি রকেট হামলা

ইরাকের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে অন্তত দশটি রকেট হামলা চালানো হয়েছে যে ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনী, সামরিক জোট ও ইরাকি সামরিক বাহিনী রয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল ওয়েইন ম্যারোটো টুইটারে জানান, বুধবার ভোরের দিকে ঘাঁটিকে লক্ষ্য করে রকেটগুলো নিক্ষেপ করা হয়। ইরাকে এক মাসের মধ্যে এটি দ্বিতীয় রকেট হামলার ঘটনা। হামলায় কোনো বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরাকি সামরিক বাহিনী। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু তারা জানায়নি। এর আগে বাগদাদ অপারেশন্স কমান্ডের এক কর্মকর্তা বলেন, বিমান ঘাঁটি থেকে আট কিলোমিটারের মতো দূরের কোনো জায়গা থেকে ১৩টি রকেট নিক্ষেপ করা হয়েছে। -রয়টার্স