মুজিব ইরম
ফুল তুলো ফুল তুলো কন্যা রেশমি সুতা দিয়া, একটু আদর পাঠিও তুমি ফুল তুলিতে গিয়া। দুইটা পাখি ডালে বসা একটা গোলাপ ফুল, লাল গোলাপি ফুল ফুটাবে তোমার দু’আঙুল।
সবুজ সবুজ পাতার মাঝে সাদা গন্ধরাজ, মনে মনে থাকবে ফুটে তোমার হাতের কাজ। নিদ্রাকুসুম গন্ধ মাখা রুমাল তোলা সাজে, সেই গন্ধরাজ ফুল ফুটিবে তোমার চুলের ভাঁজে।
তোমার হাতের রুমাল কন্যা রেশমি সুতার টানে, ফুল ফুটিবে মন পুড়িবে রঙ ধরিবে গানে। কতো কথা থাকবে লেখা সেই রুমালের গায়, কতো পাখি গাইবে গান আদর যদি পায়।
সবুজ সবুজ ময়ূরগুলো পেখম তুলে নাচে, সবুজ সবুজ টিয়েগুলি আদর করে গাছে। আতা গাছে নাচ করিবে জোড়া কবুতর, তোমার আঁকা জোড়া পাখি বাঁধবে সুখে ঘর।
তুইলো তুমি ফুলের মালা সেই পুরাতন রীতি, গাইয়ো তুমি খুব নিরলে সেই পুরাতন গীতি। ইরম তোমার হইছে পাগল হাতের কাজ দেখিয়া, পাঠিও তুমি রঙ্গিন রুমাল তোমার নাম লেখিয়া।