বর্ষা’র বডিগার্ড অনন্ত!

বিনোদন রিপোর্ট

 

বছরখানেক আগেই একটি লাইভ ইন্টারভিউতে ঘোষণা দিয়েছিলেন তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষাকে কেন্দ্র করে একটি ছবি নির্মাণ করবেন তিনি। সেই কথাই রাখলেন। ‘নেত্রী: দ্য লিডার ’ ছবিটির কাজ এরই ভেতরে শুরু হয়েছে। সম্প্রতি একটি পাঁচতারকা হোটেলে ছবিটির ঘোষণা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটলেও অনন্ত সবাইকে নিয়ে সমঝোতা করেন। অনন্ত বলেন, ‘আসলে ইভেন্টটি ঐ হোটেল কর্তৃপক্ষের দায়িত্বে ছিল বলে এই অবস্থা। নয়তো আমার সঙ্গে কখনোই সাংবাদিকদের কোনো খারাপ সম্পর্ক নেই।’ অন্যদিকে ভারতের দক্ষিণী তিনজন বাঘা ভিলেনকে একসঙ্গে করেছেন অনন্ত। যা বলিউড ছবিতেও এর আগে দেখা যায়নি। তবে সবার মনেই প্রশ্ন এ ছবিতে অনন্তর ভূমিকা কী থাকবে। এমন প্রশ্নে অনন্ত জলিল বলেন, ‘আমি তো পরিচালনা ও প্রযোজনায় রয়েছি। এবারের গল্পটিও আমার। তবে এই ছবিতে অনস্ক্রিনে আমি বর্ষার একজন বডিগার্ড হিসেবে থাকবো।’

এদিকে দেশের সর্বাধিক বাজেটের ছবি হিসেবে ঘোষণা দিয়েছেন অনন্ত। ছবিটি প্রসঙ্গে বর্ষা বলেন, ‘এই ছবির কথা অনন্ত যেদিন বলে, গল্পটা শুনেই মুগ্ধ হয়ে যাই। অনন্তর নিজেরই লেখা গল্প। প্রথমে গল্পে সে থাকতে রাজি ছিল না। পরে এই গল্পে এক দারুণ চমক হিসেবে অনন্ত থাকছে।’

জানা গেছে, সেই চমক হিসেবেই অনন্ত একজন বডিগার্ড হয়ে পর্দায় আসবেন। এর বাইরেও তার চরিত্র নিয়ে বেশকিছু রহস্য রয়েছে। যার গল্প এখনই প্রকাশ করতে চান না তিনি। বাংলাদেশের বিভিন্ন লোকেশন, ভারত, তুরস্ক, থাইল্যান্ডসহ একাধিক দেশে এই ছবিটির শুটিং করা হবে বলে মনসুন ফিল্মস কর্তৃপক্ষ জানিয়েছে।