এক বছরেও হয়নি পুনর্নির্মাণ যোগাযোগ বিচ্ছিন্ন

অভিরামপুর খালের ব্রিজ

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরের বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর খালের ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্মিত ব্রিজ ভেঙে যাওয়ার প্রায় এক বছরেও পুননির্মাণ হয়নি। এতে টাঙ্গাইলের মির্জাপুর ও সখীপুর, গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুর এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল উপজেলার সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উপজেলাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ২০২০ সালের জুনে ব্রিজটি ভেঙে যায়।

বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আজাহারুল ইসলাম বলেন, বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া থেকে অভিরামপুর খালের ওপর নির্মিত ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল প্রায় দেড় যুগ। ঝুঁকিপূর্ণ ব্রিজটি ভেঙে নতুনভাবে একটি ব্রিজ নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে বার বার অবহিত করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তেমন আমলে নেয়নি। গত বছরের জুন মাসে বালু ভর্তি একটি মিনি ট্রাক ঝুঁকিপূর্ণ ঐ ব্রিজের ওপর উঠলে ট্রাকসহ ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এতে ছয় উপজেলার সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এলাকার জনসাধারণকে বর্তমানে ৪০-৫০ মাইল ঘুরে জেলা সদর টাঙ্গাইল, উপজেলা সদর মির্জাপুর ও সখীপুর, পার্শ্ববর্তী ময়মনসিংহের ত্রিশাল ও ভালুকা উপজেলা এবং গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলায় যাতায়াত করতে হচ্ছে। এছাড়া মির্জাপুর দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এখানকার কৃষকরা ধান, চাল, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য হাট-বাজারে নিতে পারছেন না। অপরদিকে বাঁশতৈল ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান মিল্টন একটি মামলায় কারাগারে থাকায় ব্রিজটি মেরামতের কোনো উদ্যোগ নেই।

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, মির্জাপুর উপজেলার পাহাড়ি অঞ্চল অভিরামপুর এলাকার ব্রিজটি ঝুঁকিপূর্ণ দীর্ঘদিন ধরে। ব্রিজটি নতুনভাবে নির্মাণের জন্য প্রকল্প তৈরি করে অর্থ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে। যেহেতু ব্রিজটি ভেঙে পড়েছে তাই এলাকাবাসীর অসুবিধার কথা চিন্তা করে স্থানীয় এমপির সঙ্গে পরামর্শ করে দ্রুত নির্মাণের ব্যবস্থা করা হবে।