সড়ক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

চৌদ্দগ্রাম (কুমিল্লা) :চৌদ্দগ্রামে বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় মাছবোঝাই পিকআপের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন—পিকআপের হেলপার রাজশাহীর বাগমারা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ফয়সাল ও মাছ বহন সহযোগী একই গ্রামের হাবিবুর রহমান। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আইয়ুব হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

পূর্বধলা (নেত্রকোনা) :পূর্বধলায় বুধবার রাত ৯টার দিকে ট্রাকের ধাক্কায় হাবুল ফকির নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার জালশুকা কুমুদগঞ্জ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর নয়ন দাস বলেন, লাশ উদ্ধার করা হয়েছে ও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

ঝিকরগাছা (যশোর) :যশোর-বেনাপোল সড়কের পুরন্দুরপুর নামক স্থানে বুধবার সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইমদাদুল হক নামের ব্র্যাক কর্মীর মৃত্যু হয়েছে। তিনি ঝিকরগাছা ব্র্যাক শাখায় প্রোগ্রমার অফিসার ছিলেন। হাইওয়ে ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায়। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

মাগুরা প্রতিনিধি : মাগুরায় বৃহস্পতিবার সকালে পিক-আপ ও ট্রাকের সংঘর্ষে কাজী বিল্লাল হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মাগুরা-যশোর ভায়া খাজুরা সড়কের মাগুরা সদর উপজেলার ভাবনহাটি ঢাল নামক স্থানে এ ঘটনা ঘটে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, সড়ক দুর্ঘটনায় পিক-আপ চালকের মৃত্যু হয়েছে।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : পীরগঞ্জে বৃহস্পতিবার বিকালে সড়ক দুর্ঘটনায় মাসুদ রেজা বসুনিয়া নামের একজন প্রাইভেটকারচালকের মৃত্যু হয়েছে। পীরগঞ্জ-বীরগঞ্জ পাকা সড়কের গুয়াগাঁও এলাকার এমবি ব্রিক্স ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারটির টায়ার বিস্ফোরিত হলে পাশের খাদে উলটে পড়ে যায়। গুরুতর আহত চালক মাসুম রেজাকে পীরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করেছেন।