সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে বাবা, স্ত্রী ও মেয়েকে হত্যার দায়ে আলফু মিয়া (৪১) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ নূরুল আলম মোহাম্মদ নিপু এ রায় দেন। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সৈয়দ জিয়াউল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর দক্ষিণ সুনামগঞ্জের ব্রাহ্মণগাঁও গ্রামের আলাউদ্দিনের ছেলে আলফু মিয়া পারিবারিক কলহের জেরে স্ত্রী বিউটি বেগম ও মেয়ে আফিফা বেগমকে মারধর করে। এ সময় আলাউদ্দিন বাধা দিলে তাকেও টিউবওয়েলের হাতল দিয়ে এলোপাতাড়ি মারধর করে। টিউবওয়েলের ভারী হাতলের আঘাতে গুরুতর আহত হয়ে বসতঘরের ভেতরেই তিন জনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আলফু মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় আলাউদ্দিনের আরেক ছেলে শাহজাহান মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।