স্পিনের সামনে সেই পুরোনো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের প্রথমদিনে আবার ভারতীয় স্পিন আক্রমণের সামনে গুটিয়ে গেছে সফরকারী ইংল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে মাত্র ২০৫ রানে অলআউট করার পর দিনশেষে ১ উইকেট হারিয়ে ২৪ রান তুলেছে ভারত। স্বাগতিকরা এখনো পিছিয়ে আছে ১৮১ রানে। 

তৃতীয় টেস্ট যেখানে শেষ হয়েছে, সেখান থেকে যেন শুরু হলো চতুর্থ টেস্ট। আগের টেস্টের তুলনায় বেশ ব্যাটিংবান্ধব উইকেটে নামলেও রবিচন্দন অশ্বিন ও অক্ষর প্যাটেলদের সামনে একদমই জুত করতে পারেননি জো রুটরা। টসে জিতে ব্যাটিংয়ে নামা সফরকারীরা তাদের ইনিংসে ৪৫ রানের চেয়ে বড় জুটি করতে পারেনি একটিও। বেন স্টোকস (৫৫) ও একাদশে ফেরা ডেনিয়েল লরেন্স (৪৬) ছাড়া ইনিংসে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি কেউই। বেশি আক্রমণাত্মক অথবা বেশি রক্ষণাত্মক চিন্তাধারা নিয়ে উইকেটে নামা ইংলিশ ব্যাটসম্যানদের সাজঘরে ফেরাতে বেশি বেগ পেতে হয়নি ভারতীয় বোলারদের। টপঅর্ডারের দুই ব্যাটসম্যান, জনি বেয়ারস্টো ও জো রুটকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফিরিয়েছেন এই টেস্ট দিয়ে একাদশে ফেরা ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। বাকি সবকটি উইকেট পেয়েছেন ভারতের স্পিনাররা। ৪ উইকেট নিয়েছেন আগের টেস্টে ম্যাচসেরা হওয়া অক্ষর প্যাটেল। অশ্বিন ৩টি ও ওয়াশিংটন সুন্দর নিয়েছেন ১টি করে উইকেট। ভালো উইকেটেও রান তুলতে ব্যর্থ হওয়ায় নিজেদের ওপরই কিছুটা বিরক্ত ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস, ‘পিছনে তাকালে এখনো যে ব্যাটিং করছি না এটা ভেবেই নিরাশ লাগবে আমাদের। এই পিচে ৩০০-র বেশি করার বেশ ভালোই সক্ষমতা আছে আমাদের। বিষয়টা হতাশার, কিন্তু এটা নিয়ে বেশি ভাবলে হবে না এখন। সব মিলিয়ে গত ম্যাচের উইকেটের চেয়ে এই উইকেট অনেক ভালো।’

তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জেমস অ্যান্ডারসনের বলে শুভমন গিল ফিরে গেলেও দিনশেষে আর কোনো উইকেট না হারিয়ে ২৪ রান তুলেছে ভারত।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড ১ম ইনিংস :

৭৫.৫ ওভারে ২০৫ (স্টোকস ৫৫, লরেন্স ৪৬; প্যাটেল ৪-৬৮, অশ্বিন ৩-৪৭)

ভারত ১ম ইনিংস :

১২ ওভারে ২৪/১ (রোহিত ৮*, পুজারা ১৫*; অ্যান্ডারসন ১-০)

ভারত ১৮১ রানে পিছিয়ে।