অনির্দিষ্টকালের জন্য স্থগিত পিএসএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল পাকিস্তান সুপার লিগ। করোনা ভাইরাসের কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরের বাকি ম্যাচগুলো স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই আসরটিতে ইতিমধ্যে সাত ক্রিকেটার এবং এক জন কর্মী করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজি দলগুলোর সঙ্গে এক আলোচনায় পিএসএল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত অংশগ্রহণকারীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পাকিস্তানের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। গত ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পিএসএলের ষষ্ঠ আসরে মোট ম্যাচ মাঠে গড়িয়েছে ১১টি। আগামী মে মাসে আবারও মাঠে গড়াতে পারে পিএসএল।