গোলসংকটে হতাশ সোলস্যার

আগের ম্যাচে ড্র করার পর রেফারি ও অন্য ক্লাবের ম্যানেজারদের দোষারোপ করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার ওলে গুনার সোলস্যার। গত বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেও গোলশূন্য ড্র করার পর আর পেনালটি নয়, গোলমুখে নিজের দলের ব্যর্থতা নিয়েই হতাশা প্রকাশ করলেন এই নরওয়েজিয়ান ম্যানেজার। মাসখানেক আগেও টেবিলের শীর্ষস্থানে থাকা ইউনাইটেড এখন ম্যানচেস্টার সিটির চেয়ে পিছিয়ে আছে ১৪ পয়েন্টের ব্যবধানে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ ধরে গোলের দেখা পাচ্ছে না রেডডেভিলরা। দলের সাম্প্রতিক ছন্দ তাই কিছুটা ভাবাচ্ছে ম্যানেজার সোলস্যারকে, ‘অবশ্যই, চিন্তার বিষয়। যখন আপনি টানা তিন ম্যাচ ধরে ক্লিনশিট রাখবেন, তখন এমনিতেই ম্যাচ জিতে যাওয়ার কথা আপনার; কিন্তু সামনে যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে পারছি না আমরা।’