বারিধারাকে হারাতেও আবাহনীর কষ্ট হয়েছে

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু স্টেডিয়ামে রাতে অনুষ্ঠিত প্রিমিয়ার ফুটবল লিগে আবাহনী ২-১ গোলে হারিয়েছে উত্তর বারিধারা ক্লাবকে। ড্র এবং হারের পর আবার জয়ের মুখ দেখল আবাহনী। উত্তর বারিধারাকে হারাতেও ঘাম ঝরে গেছে আবাহনীর ফুটবলারদের। ২৬ মিনিটে ব্রাজিলিয়ান ফ্রান্সিসকো পেনালটি থেকে গোল করেন। ৫৫ মিনিটে বারিধারা আত্মঘাতী গোল হজম করলে এগিয়ে যায় আবাহনী। গোলকিপার সোহেল বারিধারার ঝড় সামাল দেওয়াতে বেঁচে গিয়েছে আবাহনী। তারপরও শেষ মিনিটে বারিধারা গোল করে আবাহনীর জালে। ২৫ পয়েন্ট নিয়ে এখন টেবিলের দ্বিতীয় স্থানে ফিরেছে আবাহনী। ৪ খেলায় ড্র, আর বসুন্ধরার কিংসের কাছে হেরে আবাহনী শিরোপা লড়াই হতে অনেক দূরে চলে গেছে। লিগের ফিরতি পর্বে লড়াইয়ে ফিরতে পারবে কি-না, তা বলা যাচ্ছে না। বারিধারা রেলিগেশন হতে বাঁচার চেষ্টা করছে। শেখ রাসেল ক্রীড়া চক্র লিগে নিজেদের খেলায় সবচেয়ে বড় জয় পেয়েছে। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকালের ম্যাচে শেখ রাসেল ৫-০ গোলে পুলিশকে হারিয়েছে। ৫ গোল হলেও বিদেশি খেলোয়াড়দের ভিড়ে হ্যাটট্টিকের দেখা পাননি জোড়া গোল করা আব্দুল্লাহ। তাজিক ফুটবলার আসরলভ, ব্রাজিলিয়ান রদ্রিগেজ, নাইজেরিয়ান ওবি মোনেকে গোল করেন। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল শেখ রাসেল। আজকের খেলা ঃ আরামবাগ ও রহমতগঞ্জ, ৩টায় মুন্সিগঞ্জ। সাইফ স্পোর্টিং ও ব্রাদাস, ৪টায়, বঙ্গবন্ধু স্টেডিয়াম।