গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় গুলি ও গুলির খোসাসহ পাঁচ জনকে আটক করেছে র্যাব। বুধবার রাতে মহানগরীর কালা সিকদার ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে—গাজীপুর মহানগরীর রথখোলা এলাকার কাজী মোহাম্মদ হোসেনের ছেলে কাজী আশরাফ রকিব ও কাজী মো. আল-আমিন সবুজ, উত্তর ছায়াবিথী এলাকার শুক্কুর মাহমুদের ছেলে মজিবর রহমান, কালীগঞ্জ উপজেলার বড়হড়া গ্রামের আব্দুল আলীর ছেলে মো. শফিউল্লাহ ও একই উপজেলার বক্তারপুর গ্রামের শহিদুল আলমের ছেলে শামীম আহমেদ রনি ।
র্যাব ১-এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, কালা সিকদার ঘাট এলাকায় একটি সন্ত্রাসী চক্র গোলাগুলি করছে এমন সংবাদ পেয়ে সেখানে বুধবার রাতে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ঐ পাঁচ জনকে আটক এবং তাদের কাছ থেকে তিন রাউন্ড গুলি ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে- তারা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সদস্য। পূর্ব শক্রতার জেরে তাদের মধ্যে মারামারি ও গোলগুলির শুরু হয়। তারা কালা সিকদার ঘাট এলাকাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলাসহ বিভিন্ন সময় নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।