কারাগারে মৃত্যুর ঘটনায় আইন বাতিলের দাবি আইনহীনতারই নামান্তর :তথ্যমন্ত্রী

 

বিশেষ প্রতিনিধি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি কারাগারে কোনো মৃত্যুর ঘটনায় আইন বাতিলের দাবিকে আইনহীনতারই নামান্তর হিসেবে বর্ণনা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকরা ‘ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনায় ‘নাগরিক সমাজ’ উত্থাপিত আইনটি বাতিলের দাবির বিষয়ে প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন, ‘কোনো আইনে যদি কেউ গ্রেফতার হয় এবং তিনি যদি কারাগারে স্বাভাবিকভাবে বা কোনো কারণে মৃত্যুবরণ করেন, তাহলে যদি সেই আইন বাতিল করতে হয়, তাহলে তো বাংলাদেশে সব আইনই বাতিল করার কথা আসে।’ এর আগে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুরকৌশল বিভাগ আয়োজিত তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এডভান্সমেন্ট অভ সিভিল ইঞ্জিনিয়ারিং’-এর উদ্বোধন করেন ভার্চুয়ালি। তিনি  বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারদের সক্ষমতা ও সৃষ্টিশীলতার প্রশংসা করে বলেন, বৈশ্বিক যোগাযোগ বৃদ্ধির জন্য এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ। উদ্বোধনী সভায়  চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, পুরকৌশল বিভাগের প্রধান ড. সুদীপ কুমার পাল প্রমুখ বক্তব্য রাখেন।

এ ছাড়া গতকাল কেন্দ্রীয় শহিদ মিনারে প্রধানমন্ত্রীর সদ্য প্রয়াত রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ পুষ্পস্তবক অর্পণে অংশ নেন। তথ্যমন্ত্রী বিকালে বাদ আসর গুলশানের আজাদ মসজিদে এইচ টি ইমামের দ্বিতীয় জানাজায় অংশ নেন।