নারায়ণগঞ্জে মামলা
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই কাজ চলছে নারায়ণগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ। ইসলামিক ফাউন্ডেশন ও গণপূর্ত অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করার কথা থাকলেও রহস্যজনকভাবে সেখানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কাজ করছে। শুধু তাই নয়, গণপূর্ত অধিদপ্তর কাজ করছে বলেও প্রচার করছে সিটি করপোরেশন। কিন্তু গণপূর্ত অধিদপ্তর বলছে, যেখানে প্রকল্প বাস্তবায়নে টেন্ডার প্রক্রিয়াই শেষ হয়নি, সেখানে তাদের কাজ করার প্রশ্নই আসে না। তাহলে কাজ করছে কারা? এমন প্রশ্নে সিটি করপোরেশন দাবি করেছে, তারা মসজিদের পাশের পুকুরটি সংস্কার করে মুসল্লিদের অজু করার জন্য ঘাটলা করে দেবে। অথচ মসজিদ কমিটি বলছে, এ বিষয়ে তারা কিছুই জানে না এবং তাদের সঙ্গে সিটি করপোরেশন কোনো আলোচনা করেনি। গত ২৩ ফেব্রুয়ারি মসজিদ কমিটির পক্ষ থেকে নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত্ আইভীসহ আসামি করা হয়েছে সিটি করপোরেশনের তিন ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিককে। সরেজমিনে দেখা যায়, মেসার্স জাকির এন্টারপ্রাইজ ও মেসার্স ইকবাল এন্টারপ্রাইজ নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কাজ করছে। এর মধ্যে ইকবাল এন্টারপ্রাইজের একাউন্টস অফিসার মো. আসাদুজ্জামান হিমেল জানান, তারা গত এক মাস ধরে কাজ করছেন।
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমিন বলেন, ‘সিটি করপোরেশন কারো জমি দখল করেনি। মসজিদ কমিটির সঙ্গে সিটি করপোরেশনের একাধিক বৈঠক হয়েছে। তাদের সঙ্গে আলোচনার পরই মসজিদের পুকুর সংস্কার করে সেখানে ঘাটলা করে দেওয়ার প্রক্রিয়া চলছে। আর মসজিদের কাজ আমরা করছি না। সেটা গণপূর্ত অধিদপ্তর করছে।’
ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসাইন বলেন, ‘প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে জেলা মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের বাস্তবায়নে রয়েছি আমরা এবং গণপূর্ত অধিদপ্তর। তবে পুরো কাজটি করবে গণপূর্ত অধিদপ্তর। আমরা শুধু তদারকি করব। তবে এখনো টেন্ডার প্রক্রিয়া শেষ হয়নি। টেন্ডার প্রক্রিয়া শেষ হলে নির্মাণ কার্যক্রম শুরু হবে। কিন্তু সেখানে কারা কাজ করছে তা বলতে পারি না। ’
এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তর নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন বলেন, ‘মণ্ডলপাড়ায় মডেল মসজিদ নির্মাণে এখনো টেন্ডার প্রক্রিয়াই শেষ হয়নি। আমরা কেন কাজ করতে যাব। সব প্রক্রিয়া শেষে যখন চূড়ান্তভাবে আমাদের কাজ করার জন্য বলবে তখনই আমরা প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করব।’ প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ উপস্থিত ছিলেন। নামফলকে লেখা রয়েছে নির্মাণ কাজ বাস্তবায়ন করবে ইসলামিক ফাউন্ডেশন ও গণপূর্ত অধিদপ্তর।