৩৬ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে র্যাব-১১-এর অভিযানে মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে ১ কোটি ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় পাঁচ জনকে হাতেনাতে আটক করে র্যাব। আটককৃতরা হলো,  আবুল কাশেম,  আলম, বেলাল,  শফিকুল ইসলাম  ও  আতাউর। বুধবার মুন্সীগঞ্জ সদর থানাধীন মুক্তারপুর পঞ্চসার সাওবান ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় অভিযান চালিয়ে  এদের গ্রেফতার করা হয়। জব্দকৃত কারেন্ট জালের বাজার মূল্য প্রায় ৩৬ কোটি টাকা। র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী  ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু উক্ত অপরাধ আমলে নিয়ে মত্স্য রক্ষা ও সংরক্ষণ আইনে আটককৃতদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর ম্যাজিস্ট্রেটের নির্দেশে অবৈধ কারেন্ট জাল নদীর পাড়ে উন্মুক্ত স্থানে পুড়িয়ে ধ্বংস করা হয়। র্যাব জানায়, দেশীয় উত্পাদিত কারেন্ট জাল কারখানা সিংহভাগ মুন্সীগঞ্জের মুক্তারপুরে অবস্থিত। কারেন্ট জাল উত্পাদন ও বিপণন নিষিদ্ধ হলেও বর্ষা মৌসুমকে সামনে রেখে পঞ্চসার এলাকার বিভিন্ন কারখানায় দিনরাত ব্যাপকভাবে তৈরি হচ্ছে কারেন্ট জাল।