বগুড়ায় মোটর মালিক গ্রুপের অফিস দখল নিয়ে গত ৯ ফেব্রুয়ারি শহরের চারমাথায় কেন্দ্রীয় বাস টার্মিনালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় ভুয়া আগাম জামিননামা তৈরির অপরাধে হাইকোর্ট গ্রেফতারি নির্দেশনা দেওয়ার ৯ দিন পরে বগুড়ার যুবলীগ নেতা আমিনুল ইসলামসহ আরো ১৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণের পর জামিন আবেদন করলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আসমা মাহমুদ। আসামি পক্ষের আইনজীবী আব্দুল মান্নাফ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই মামলায় বুধবার বিকালে আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণের পর জামিন আবেদন করলে ১৪ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন একই আদালত।
বৃহস্পতিবার কারাগারে পাঠানো আসামিরা হলেন—বগুড়া সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম, আবদুল আলিম, আনোয়ার মণ্ডল, মোহাম্মদ বাদল, সেলিম, কিবরিয়া, রাশেদুল, সাদ্দাম, মাহমুদ, রতন, সেলিম রেজা, রুহুল আমিন, জাহিদুর রহমান, নুর আলম মণ্ডল, বিপুল ও সুমন প্রামাণিক। বুধবার কারাগারে পাঠানো ১৪ আসামি হলেন—বগুড়া সদরের গোদারপাড়া এলাকার লিটন প্রামাণিক, মোহাম্মদ মানিক, মোহাম্মদ জাকির, মোহাম্মদ তানভির, মোহাম্মদ আবদুল গনি, রাসেল মণ্ডল, আসাদুজ্জামান মনা, খোকন, শিপন, আল আমিন, দীপ্ত, মিরাজ, হেলাল ও রাব্বী।