মানুষের ইচ্ছা, মানুষের স্বপ্ন

তুমি যেটা ঘুমিয়ে দেখো সেটা স্বপ্ন নয়, যেটা তুমি জেগে দেখো সেটাই স্বপ্ন। —এ পি জে আবুল কালাম আজাদ

উক্তিটি সম্পর্কে আমরা সবাই অবগত। মানুষের নানান স্বপ্ন, নানান ইচ্ছা থাকে। কিন্তু ক’জনেরই বা সেই স্বপ্ন পূরণ হয়। আবার এটাও মানতে হবে যে, অধিকাংশই স্বপ্ন পূরণে সচেষ্ট থাকে। যে লেগে থাকে, সে এক সময় সফল হয়। কাঙ্ক্ষিত সাফল্যে না যেতে পারলেও তার কাছেধারে হলেও কিছুটা আসতে পারে। এটাই সবচেয়ে বড় সফলতা। এই সফলতা নিয়েই সে গর্ব করতে পারে। এটাই তার স্বপ্ন, এটাই তার ইচ্ছা।

পৃথিবীর মানুষ বড়ই রঙিন। চোখে রঙিন চশমা না পরেও রঙিন স্বপ্ন দেখতে পারে। কেউ একজন ভালো কিছু করলে সে অনেক ভালো। যতই সে আগে খারাপ করুক না কেন, ভালো কিছু করলে বলবে—না! সে জাতে মাতাল, তালে ঠিক। আবার সারা জীবন ভালো করল, কিন্তু তার অগোচরে খারাপ কিছু হলো, তখন মানুষ বলবে, সে আসলেই খারাপ লোক। ভালো থাকার অভিনয় করেছিল এতদিন। এটাই হচ্ছে জাতে মাতাল, তালে ঠিক, নাম তার সাধারণ পাবলিক।

আপনি যদি দশ+দশ=বিশ খুব ভালোভাবে বুঝিয়ে দেন তবু সাধারণ পাবলিক সেটা মানতে নারাজ হবে বা ইতস্ততবোধ করবে। কারণ আপনি প্রতিষ্ঠিত না। একজন প্রতিষ্ঠিত কিংবা সমাজের প্রতিপত্তিশালী লোক যদি বলে দশ+দশ=একুশ হয় তবে সাধারণ মানুষ সেটাই মানবে। এমনই মানুষ এদেশের। মোটিভেশনাল স্পিকারকে আমরা সবাই মানি। তাকে অনুসরণ করার চেষ্টা করি। অনুসরণ করা ভালো, কিন্তু এমনভাবে অনুসরণ যেন না করি যাতে আমরা হতাশাগ্রস্ত হই। কেননা যারা এসব মোটিভেশন দেয় তারা প্রতিষ্ঠিত। তারা ভাবে যে আমরা যা বলব সাধারণ মানুষ তাই ভাববে, মানবে। আর এই সময়টাতে তারা আরেকটু বেশি করে করে বলে। আর জনগণ সেটা করার জন্য যথেষ্ট সোচ্চার হয়। যখন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না, তখন হতাশ হয়ে পড়ে। এখানেই আমরা ব্যর্থ। আমাদের বুঝতে হবে পৃথিবীতে দু-একটি মানুষ অটোমেটিক ভালো হয়, খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় মানুষ খুব কমই হয়। সবাই যদি সেরকমভাবে প্রতিষ্ঠিত হতো, তাহলে এই ভুবনে আরো রবীন্দ্রনাথ, আইনস্টাইন, শেক্সপিয়রের জন্ম হতো। তবে এর কাছাকাছি হতে পারব—যদি চেষ্টা করি, যদি স্বপ্নটা ঠিক রাখি। এটা আপনার স্বপ্ন, এটাকে ধরে রাখুন, হতাশ হওয়া যাবে না।

মানুষের নানান ইচ্ছা থাকে। স্বপ্ন দেখতে ভুল করে না মানুষ। যেমন মানুষের স্বপ্ন কিংবা ইচ্ছা হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বিজ্ঞানী ইত্যাদি হবে। চেষ্টা করে অনেকে সেটিকে সম্ভব করে তোলে। কেউ হয় কবি, কেউ হয় চিত্রকর। আরেক ধরনের স্বপ্নের মানুষ আছে যারা অন্যের কবিতা পড়তে ভলোবাসে, অন্যের কাছ থেকে নিজেদের ছবি এঁকে নিতে ভালোবাসে। কত রঙিন স্বপ্ন তাই না। মানুষ চাইলে তো ভালো ক্যামেরা দিয়ে ছবি তুলে বাঁধায় করে রাখতে পারে। কিন্তু তা করে না। কেন করে না জানেন, এসবের মধ্যে কৌতূহল জেগে ওঠে, আবেগ জাগে। আর এই কৌতূহল তাকে আনন্দ দেয়, তাকে উত্সাহ দেয় নতুন কিছু করতে।

শিক্ষার্থী, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়