স্ত্রী সেজে যৌতুকের মিথ্যা মামলা, বাদীর দুই বছরের জেল

ইত্তেফাক রিপোর্ট

ভুয়া স্ত্রী সেজে জাল কাবিননামা তৈরি ও চিকিত্সা সনদপত্র দিয়ে যৌতুকের মিথ্যা মামলা করার দায়ে এক নারীকে দুই বছর কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার-৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোছা. কামরুন্নাহার এ আদেশ দেন। এ বিষয়ে পিপি আফরোজা ফারহানা বলেন, এই মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। মামলার বাদী ঐ নারী আদালতে হাজির হয়ে বলেন, তিনি আব্দুল হান্নানকে চেনেন না। অন্যের প্ররোচনায় মিথ্যা মামলা করেছেন। পরে আসামি হান্নানকে এই মামলা থেকে অব্যাহতি দেয় আদালত। পরে হান্নান ঐ নারীর বিরুদ্ধে লিখিতভাবে আদালতে আবেদন করলে শামসুন্নাহারকে দুই বছর কারাদণ্ড দেওয়া হয়।

মামলা সূত্রে জানা গেছে, আব্দুল হান্নান নামের ময়মনসিংহের এক ব্যক্তির বিরুদ্ধে ২০১৯ সালের ১৯ মে মামলা করেন শামসুন্নাহার। আদালত মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়। ঢাকার সিএমএম আদালতের একজন ম্যাজিস্ট্রেট তদন্ত করে বিচার বিভাগীয় প্রতিবেদন জমা দেন। পরে আসামি হান্নানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পরে আসামি হান্নানকে ২০১৯ সালের ৫ ডিসেম্বর গ্রেফতার করে পুলিশ। দীর্ঘদিন কারাভোগের পর গত বছরের ৭ জানুয়ারি আসামি হান্নান জামিনে মুক্ত হন। অব্যাহতি পেয়ে আব্দুল হান্নান সাংবাদিকদের জানান, যে নারী তাকে স্বামী দাবি করে মিথ্যা যৌতুকের মামলা করেছিলেন, তাকে তিনি  কোনোভাবেই চেনেন না। অথচ তার মামলায় তিনি এক মাস জেলও খাটলেন।