সেচের ট্রান্সফরমার চুরির হিড়িক!

ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা

ধোবাউড়ায় হঠাত্ বিএডিসির সেচের ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। গত কয়েক দিনে ধোবাউড়া সদরের আশপাশে অন্তত ১০টি ট্রান্সফরমার চুরি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি শিবানন্দখিলা সুনীল চেয়ারম্যানের বাড়ির আকবর আলী মাস্টার ও শ্যামল চন্দ্রের তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে, দেবাল হযরত আলী মেম্বারের ভাই জহিরুল ইসলামের ট্রান্সফরমারটি চোর নিয়ে গেছে। এছাড়া গোয়াতলা, গোবিন্দপুর, সেনপাড়া ভুট্টা, খড়িয়াসহ বিভিন্ন এলাকা থেকে চুরি হয়ে গেছে বিএডিসির লাইসেন্সপ্রাপ্ত সেচের ট্রান্সফরমার। এতে ফসলে পানি দেওয়া নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষক। উপজেলার হাজংপাড়া গ্রামের কৃষক শামসুদ্দিন জানান, যেভাবে ট্রান্সফরমার চুরি হচ্ছে তাতে কৃষকরা বোরো ফসল নিয়ে হতাশায় রয়েছেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় কৃষকরা।

পল্লী বিদ্যুত্ সমিতি-৩-এর সাব জোনাল অফিসের এজিএম আলীমুন রেজা তুহিন বলেন, চুরির ঘটনা সত্য। আমরা প্রতিটি চুরির পরই থানায় ডায়ারি করেছি। পুলিশ যদি ব্যবস্থা নেয় তাহলে চুরি রোধ করা সম্ভব। ধোবাউড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ বিষয়ে সাধারণ ডায়ারি হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।