কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা
কাহারোল উপজেলার সর্ববৃহত্ গরুর হাট কাহারোল হাট। গরু ও মহিষের এ হাটের জায়গা রাতের আঁধারে দখল করে বাড়িঘর ও দোকান তৈরি করেছে একটি মহল। হাটের জায়গা দখল হওয়ার কারণে ধানের হাটে ধান বিক্রি করতে পারছেন না কৃষকেরা। রহিম মিয়া, সাদেকুলসহ কয়েক জন কৃষক জানান, আগে যেখানে গরুর হাট ছিল সেখানে একটি প্রভাবশালী মহল হাটের জায়গা দখল করে বাড়িঘর নির্মাণ করেছে। কাহারোল হাটে শনিবার গরুর হাটের জায়গা না থাকার কারণে রাস্তার ওপরে গরু কেনা-বেচা করছে ক্রেতা ও বিক্রেতারা। এতে করে রাস্তার ওপরে যানজট সৃষ্টি হচ্ছে শনিবারের হাটের দিন। দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত যানজট লেগে থাকে। এতে করে রোগীসহ পথযাত্রীদের ভোগান্তির শেষ নেই।
কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান বলেন, রাস্তার ওপরে হাট বসানোর জন্য ইজারাদারকে নিষেধ করা হয়েছে। অন্যদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মো. আলকামাহ্ তমাল জানান, কাহারোল হাটের জায়গা যারা অবৈধভাবে দখল করে রেখেছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে। অতি শিগিগর হাটের জায়গা দখলমুক্ত করা হবে।