জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী বলেছেন, সম্প্রতি প্রয়াত তিন বিশিষ্টজন খোন্দকার ইব্রাহিম খালেদ, সৈয়দ আবুল মকসুদ ও সফিকুল হক চৌধুরী বাংলাদেশের শ্রমিক-কৃষক, মেহনতি মানুষের পক্ষে কাজ করেছেন। তারা অন্যায়ের কাছে মাথা নত করেননি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তারা আমৃত্যু কাজ করেছেন। বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়তে হলে সন্ত্রাস-জঙ্গিবাদ-ঘুষ-দুর্নীতি-ব্যাংক লুট-অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি। বৃহস্পতিবার বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিশিষ্ট ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ, লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদ ও এনজিও ‘আশা’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সফিকুল হক চৌধুরীর মৃত্যুতে এই শোকসভার আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, কবি নাহিদ রোখসানা, যুবলীগ নেতা লোকমান হোসেন চৌধুরী, গবেষক রেদোয়ান খন্দকার, বাংলাদেশ জাসদ নেতা হুমায়ুন কবির প্রমুখ।