আন্দোলন দমাতে বিএনপির সংবেদনশীল জায়গায় আঘাত করছে সরকার :গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে দূরে রাখতেই সরকার বিএনপির সংবেদনশীল জায়গায় আঘাত করছে। আওয়ামী লীগ মাঝে মধ্যে বিএনপির বিভিন্ন সংবেদনশীল জায়গায় স্পর্শ করবে, আঘাত করবে। আর সেটা নিয়ে যদি আমরা ব্যস্ত হই তারা আরামে দিন কাটাবে। গত ১২/১৩ বছরে এমনই দেখা গেছে। একেক সময়ে একেটা সেনসেটিভ ইস্যু সামনে নিয়ে এসেছে—সেটা নিয়ে আমরা খুব উত্তেজিত। কিন্তু আসল জায়গাটায় আমরা হাত দিতে চাই না। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের উদ্যোগে ‘গণতন্ত্র, গণমাধ্যম, গণকণ্ঠ অবরুদ্ধ: বাংলাদেশের ভাগ্য কোন পথে’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাহেদুল ইসলামের (লরেন) সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাসাসের আরিফুর রহমান মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ পদক বাতিল প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আমরা গর্ব করি, এই স্বাধীনতা যুদ্ধে এসেছে, ভাষণে আসে নাই। কে বা কারা জিয়াউর রহমানের খেতাব নিলো কি নিলো না, জিয়াউর রহমানকে কে কী বললো তাতে কিছু যায় আসে না। জিয়াউর রহমান তার জায়গায় আছেন, তিনি নিজের জায়গায় থাকবেন, যতদিনে দেশ থাকবে।