দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শংকর থেকে মিছিলটি শুরু হয়ে ধানমন্ডি ২৭ নম্বরে গিয়ে শেষ হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মিছিলে নেতৃত্ব দেন।
বিক্ষোভ মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে অঘোষিতভাবে গৃহবন্দি করে রাখা হয়েছে। তিনি গুরুতর অসুস্থ কিন্তু সরকারের বিধিনিষেধের কারণে চিকিত্সা গ্রহণ করতে পারছেন না। তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। তিনি আরো বলেন, লেখক মুশতাক আহমেদকে যে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে কার্টুনিস্ট কিশোরের বক্তব্যে তা প্রমাণিত হয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে খবর বেড়িয়েছে কীভাবে কার্টুনিস্ট কিশোর ও মুশতাকের ওপর বর্বর নির্যাতন চালানো হয়েছে। কিন্তু নির্যাতন, নিপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না। তাদের পতন ঘণ্টা বেজে গেছে। মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। এ সরকারের পতন ঘটিয়ে ছাত্র-জনতা রাজপথ ছাড়বে।