নোয়াখালী চালাই আমি :একরামুল

নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী নোয়াখালীর রাজনীতিতে নিজের অবস্থান জাহির করতে গিয়ে প্রধানমন্ত্রীর এক ঘনিষ্ঠজনকে জানিয়েছেন, তিনিই নোয়াখালী চালান। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সুবর্ণচর উপজেলা পরিদর্শনে এসে তিনি স্থানীয় নেতাকর্মীদের সামনে এসব কথা বলেন।

এমপি একরামুল করিম চৌধুরী বলেন, ‘গত ছয় দিন আমি ঢাকায় ছিলাম। নেত্রীকে কতগুলো মেসেজ পাঠিয়েছি। তিনি মেসেজগুলো দেখেছেন। ঢাকায় যাওয়ার পর নেত্রীর সঙ্গে যিনি সব সময় থাকেন, তিনি আমাকে বললেন, ‘নেত্রী আপনাকে এত ভালো জানেন। আপনি কেন ঢাকায় ঘুরছেন?’ আমি বলি, ‘আমাদের কমিটিটা দরকার।’ তিনি প্রশ্ন করেন, ‘নোয়াখালী চালান কে?’ আমি বলি, ‘নোয়াখালী চালাই আমি।’ তিনি বলেন, ‘নেত্রী কি আপনাকে না চালাতে বলছেন?’ আমি বলি, ‘না’। তিনি বলেন, ‘নেত্রী জানেন যে আপনিই চালাবেন নোয়াখালী। আপনি গিয়ে নোয়াখালী চালাতে থাকেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে ইঙ্গিত করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম আরো বলেন, ‘তিনি সব নেতাকে নিয়েই কথা বলেন। তিনি (আবদুল কাদের মির্জা) প্রথম আমাকে দিয়ে শুরু করেছেন। যেতে যেতে তার ভাবি এবং ওবায়দুল কাদেরসহ দেশের কোনো নেতা বাদ নেই।’

একরামুল করিম আরো বলেন, ‘অনেকেই অর্থের বিনিময়ে নমিনেশনের আশা করছেন, বিএনপি যেহেতু ভোটে আসবে না। আমি কিন্তু বেঠিক লোককে, আমার জনগণকে ভোট দিতে দেব না। যারা সঠিক লোক তাদের পক্ষে আমার অবস্থান থাকবে। যারা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছে, তাদের জনগণ ভোট দিক, এমপি হিসেবে আমি এটা হতে দিতে পারি না। আমাদের দরকার জনগণের চেয়ারম্যান। জনগণের পাশে থেকে যে নেতা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে পারবে, আমাদের সেই নেতা দরকার।’