আমি এখন স্বাধীনভাবে কথা বলতে প্রস্তুত : মেগান মার্কেল

ব্রিটেনের প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল বলেছেন, রাজপরিবার ছেড়ে দেওয়ার পর তিনি এখন স্বাধীনভাবে কথা বলতে প্রস্তুত। সিবিএস নিউজের অপেরা উইনফ্রেকে দেওয়া সাক্ষাত্কারে মেগান মার্কেল এক প্রশ্নের জবাবে বলেন, এখন আমাদের পছন্দ করার ক্ষমতা আছে। রাজপরিবারের সদস্য থাকার সময় এটা ছিল না। তাই তখন কথা বলতে পারিনি। ডাচেস অব সাসেক্স বলেন, এখন আমি স্বাধীন এবং কথা বলতে প্রস্তুত। আগামী রবিবার যুক্তরাষ্ট্রে এই সাক্ষাত্কার প্রচার হওয়ার কথা রয়েছে। তবে বুধবার সাক্ষাত্কারের কিছু ক্লিপ প্রকাশ করা হয়। সোমবার ব্রিটেনের আইটিভিতে সাক্ষাত্কারটি প্রচার হওয়ার কথা।

এদিকে গত মঙ্গলবার টাইম ম্যাগাজিনে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে, মেগান তার কাজে সহায়তার জন্য নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দুর্বব্যবহার করেছিলেন। মেগান এই অভিযোগ নাকচ করে দিলেও রাজপ্রাসাদ জানিয়েছেন, এই ধরনের অপরাধ রাজপ্রাসাদ সহ্য করে না। এই ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত করা হবে। -বিবিসি