হংকং নির্বাচন: নতুন ষড়যন্ত্র চীনের

হংকংকে ঘিরে নতুন ষড়যন্ত্র চালাচ্ছে চীন। হংকংয়ের নির্বাচনী ব্যবস্থা এমনভাবে ঢেলে সাজানো হচ্ছে যাতে এর নিয়ন্ত্রণ চীনা শীর্ষ আইন প্রণয়নকারী সংস্থা ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) হাতেই থাকে। শুক্রবার (৫ মার্চ) রাতে এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। খবরে বলা হয়েছে, এনপিসির সম্মেলনে প্রিমিয়ার লি কেকিয়াং বিশ্বকে সতর্ক করে বলেছেন, কেউ যাতে এই নির্বাচনে হস্তক্ষেপ না করে। 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হংকংয়ে গণতন্ত্রপন্থীদের বিরুদ্ধে দমন-পীড়ন ও ভূখণ্ডটিতে চীনা নিয়ন্ত্রণ আরো শক্ত করার জন্য নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা দেওয়া হয়েছে। হংকংয়ে ভিন্নমতাবলম্বীদের কোনোভাবেই সহ্য করবে না চীনা প্রশাসন। নতুন নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে সম্ভবত চীন তার এক দেশ, দুই নীতি থেকে বেরিয়ে আসছে।

জানা গেছে, আরো এক সপ্তাহ ধরে এনপিসি সম্মেলন চলবে। হংকংয়ের নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানোর ব্যাপারে তৈরি করা খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা হবে ওই সম্মেলনে। সম্মেলনে অংশ নেওয়ার জন্য শত শত আইনপ্রণেতা বেইজিংয়ে অবস্থান করছেন। এদিকে এনপিসি’র ভাইস চেয়ারম্যান ওয়াং চেন গতকাল শুক্রবার বলেছেন, হংকংয়ের মৌলিক আইনের কয়েকটি ধারা সংশোধন করা হবে। রাজনৈতিক প্রচারণা চালানোর বিষয়টিও কার্যত বন্ধ করে দেওয়া হতে পারে। বর্তমান বিতর্কিত নিরাপত্তা আইন অনুসারে সেখানকার গণতন্ত্রপন্থীদের যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে।

ইত্তেফাক/এসএ