লুইপার হিরো রোশান

 বিনোদন প্রতিবেদক

 

এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী লুইপা আবারো নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। এ মিজানের কথা ও শওকত আলী ইমনের সুর-সংগীতে ‘রঙিলা হাওয়ায়’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মটির নির্মাণ কাজ এফডিসিতে শেষ করেছেন তিনি। মিউজিক ভিডিওটির গল্পের নায়ক হিসেবে রয়েছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা রোশান। এটি নির্মাণ করছেন তানভীর আহমেদ এবং ক্যামেরায় ছিলেন ইমাদ ইমরান। মিউজিক্যাল ফিল্মটির কোরিওগ্রাফি করেছেন রিদি শেখ।

রোশানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করা প্রসঙ্গে লুইপা বলেন, ‘আমি সবসময়ই চেষ্টা করি ভালো একটি গান দর্শকদের উপহার দিতে। সেই ধারাবাহিকতায় এবার রোমান্টিক গান গাইলাম। দেশজুড়ে রোশানের অনেক ভক্ত আছে। বিশেষ করে মেয়ে ভক্তের সংখ্যা অনেক বেশি। আমিও তাদের মধ্যে একজন। তাই আমার এবারের মিউজিক ভিডিওতে এই প্রিয় শিল্পীকে রেখেছি। রোশান খুবই আন্তরিক এবং বেশ সহযোগিতা পরায়ণ।’

রোশান বলেন, ‘লুইপার কণ্ঠে গানটি বেশ ভালো লেগেছে। এটি নিয়ে লু্ইপার সঙ্গে আলাপ হয় ১ বছরের বেশি সময় আগে। এতদিন ব্যাটে-বলে মেলাতে পারিনি, এখন সুযোগটা হয়েছে তাই কাজটি করেছি। এছাড়া মিউজিক ভিডিওতে একটু দুষ্টু মিষ্টি ব্যাপারও আছে। যে কারো গানটি শুনলে এবং মিউজিক ভিডিওটি দেখলে ভালো লাগবে।’