শুটিংয়ে ফিরে উচ্ছ্বসিত কৃতি!

 বিনোদন ডেস্ক

 

হাতে অনেক কাজ থাকলেও করোনার কারণে দীর্ঘদিন তারকারা শুটিংয়ের বাইরে ছিলেন। তবে নিউনরমাল সময়ে সকলেই কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। একের পর এক নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া থেকে শুরু করে শেষ করছেন আগের সিনেমাগুলোর বাকি কাজ। সেই তালিকায় যুক্ত হয়েছেন এ সময়ের জনপ্রিয় বলিউড তারকা কৃতি শ্যানন। প্রায় ১ বছর পর ‘বচ্চন পাণ্ডে’ সিনেমা দিয়ে কাজে ফিরেছেন তিনি। সিনেমাটিতে অক্ষয়ের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাকে। তবে বচ্চন পাণ্ডের শুটিং মনোরম লোকেশনে স্বাস্থ্যবিধি মেনে করা হলেও কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে বলে জানিয়েছেন কৃতি। তিনি বলেন, ‘অনেকদিন পর শুটিংয়ে ফিরে ভালো লেগেছে। তবে টানা ৪৫ দিন শুটিংয়ের সময় মাস্ক পরতে পারিনি কেউ। কিন্তু বাকি সময় আমরা সকলেই সরকারি নির্দেশনা মেনে কাজ করেছি। একটু অস্বস্তি লাগলেও সুস্থ থেকে শুটিং শেষ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত আমি। একটা ভালো দিক ছিল যে, মাঝে মাঝেই আমাদের করোনা পরীক্ষা করা হতো।’

এ ধরনের পরিস্থিতি কাজের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অনেকেই মনে করেন। তবে কৃতি এ বিষয়ে বলেন, ‘আমি যখন ক্যামেরার সামনে দাঁড়াই তখন পেছন ফিরে তাকাই না। আমার ভক্তদের কথা মাথায় রেখে নিজের সেরা অভিনয়টা করার চেষ্টা করি।’ উল্লেখ্য, শিগগিরই কৃতি ‘ভেদিয়া’ শিরোনামের নতুন আরো একটি সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। এই সিনেমাটিতে বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি।