নাঙ্গলকোটে কচুরিপানায় বোরো আবাদ ব্যাহত

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

নাঙ্গলকোটের নিম্নাঞ্চল খ্যাত কয়েকটি এলাকায় কচুরিপানার কারণে চলতি মৌসুমে বোরো আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এ উপজেলায় চলতি মৌসুমে বোরো ধান উত্পাদনের লক্ষ্যমাত্রা অর্জনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে করে কৃষকরা শত শত মণ ধান ঘরে তোলা থেকে বঞ্চিত হবেন। অষ্টগ্রামের কৃষক শাহ আলম ও মদনপুর গ্রামের নাছির উদ্দিন বলেন, এক শতক জমির কচুরিপানা অপসারণ করতে অন্তত এক হাজার টাকার বেশি ব্যয় হয়। তাছাড়া জমি রোপণ, কীটনাশক, সার-বীজ ও আগাছা পরিষ্কার খরচসহ এক শতক জমিতে ধান লাগাতে প্রচুর টাকা ব্যয় হবে।  যা উত্পাদিত ধানের আয়-ব্যয়ের অর্ধেক টাকাও আসবে না। তাই অনেক কৃষক জমিনে ধান না লাগিয়ে অনাবাদি রেখে দিয়েছে। এদিকে কোনো কোনো স্থানে সেচ সুবিধার অভাবেও অনেক কৃষক জমিতে বোরো ধান আবাদ করতে পারেনি। কৃষকরা জানান, বিদ্যুত্ লাইনের জন্য আবেদন নিবেদন করে সংযোগ না পাওয়ায় সেচ সুবিধার অভাবে তারা জমিনে ধান লাগাতে পারেনি। উপজেলার কৃষি অফিস সূত্র মতে, এবার এ উপজেলায় বোরো ধান উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৩ হাজার ৯৮৯ মেট্রিক টন। উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম বলেন, কচুরিপানা অপসারণের জন্য অর্থ বরাদ্দ না থাকায় এ ব্যাপারে আমাদের কিছু করার থাকে না।