ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পাবনা জেলা কমিটির উদ্যোগে গতকাল শনিবার পাবনায় র্যালি হয়েছে। র্যালি শেষে পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ক্ষেতমজুর নেতা কমরেড সন্তোষ রায় চৌধুরী, জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুল জব্বার প্রমুখ। এ সময় জেলা সভাপতি কমরেড আব্দুর রাজ্জাক বলেন, ১৯৪৮ সালের এই দিনে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। সিপিবির গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য পাবনাবাসীকে তিনি সিপিবির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান।