সংবাদ সংক্ষেপ

মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদ

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা তাড়াশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা আফছার আলীকে (৬৭) চাপাতি, ছুরি ও হাসুয়া দিয়ে কুপিয়ে নির্মমভাবে আহত করার প্রতিবাদে শনিবার মানববন্ধন করা হয়েছে। আহত ঐ মুক্তিযোদ্ধা বর্তমানে বগুড়া সজিমেক হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড তাড়াশ প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ম ম আমজাদ হোসেন মিলন, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাজু প্রমুখ।

ফরিদপুর প্রেস ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফরিদপুর (পাবনা) সংবাদদাতা ফরিদপুর উপজেলা প্রেস ক্লাবের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশের জায়গায় স্থানীয় সংসদ সদস্য মকবুল হোসেনের পক্ষে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম হোসেন গোলাপ। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র খন্দকার কামরুজ্জামান মাজেদ।

করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সুনামগঞ্জের দুই লক্ষাধিক মানুষের মধ্যে শনিবার করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ উদ্বোধন করা হয়েছে। ইউপি চেয়ারম্যানদের হাতে সুরক্ষাসামগ্রী তুলে দেন জেলা পরিষদের  চেয়ারম্যান ও জেলা  আওয়ামী লীগের সহসভাপতি নুরুল হুদা মুকুট। তিনি সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলরদের হাতেও করোনা সুরক্ষাসামগ্রী তুলে দেন।

বঙ্গবন্ধু মিনি ম্যারাথন অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি মাগুরায় শনিবার মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে পাঁচ কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত উন্মুক্ত এ ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম থেকে ম্যারাথন প্রতিযোগিতা শুরু করে আবালপুর হয়ে পাঁচ কিলোমিটার দৌড় শেষে স্টেডিয়ামে এসে শেষ হয়।

দুটি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালার সদর ইউনিয়নের মাঝিয়াড়া থেকে কেসমতঘোনা বাজার এবং খানপুর মুড়াকলিয়া সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ‘খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার পল্লি অবকাঠামো উন্নয়ন শীর্ষক’ প্রকল্পের আওতায় শুক্রবার রাতে উন্নয়ন কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ। এ উপলক্ষ্যে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

ডোমারে বসন্তবরণ অনুষ্ঠান

ডোমার (নীলফামারী) সংবাদদাতা ডোমারে শুক্রবার সন্ধ্যায় বসন্তবরণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নাট্য সমিতি মিলনায়তনে বসন্তবরণ অনুষ্ঠানের আয়োজন করে ডোমার প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফ্ফর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান চয়ন। এ সময় নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন।

বানিশান্তা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

দাকোপ (খুলনা) সংবাদদাতা আগামী ১১ এপ্রিল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের তৃণমূলে দলীয় চেয়ারম্যান প্রার্থীর প্যানেল বাছাইয়ে উপজেলার বানিশান্তা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বানিশান্তা পিনাক পানি মাধ্যমিক বিদ্যালয় কক্ষে ইউপি আওয়ামী লীগের সভাপতি সুদেব রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নান্টু রায়।

কৃতী শিক্ষার্থী ও আদর্শ শিক্ষককে সম্মাননা

ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহে কৃতী শিক্ষার্থী, আদর্শ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে। ঝিনাইদহ ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মাননা দেওয়া হয়। ঝিনাইদহ ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম ও জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস।

 

 

০