শরণার্থীর ঢল ঠেকাতে মিয়ানমার সীমান্তে কড়া অবস্থান ভারতের

মিয়ানমারের সামরিক সরকারের হাত থেকে পালিয়ে অবৈধপথে কেউ যেন ভারতে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্তে কড়া ব্যবস্থা নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে নিরাপত্তা টহল জোরদার করেছে তারা। এক ভারতীয় কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মিয়ানমার সীমান্তবর্তী ভারতীয় রাজ্য মিজোরামের চাম্পাই জেলার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা মারিয়া জুয়ালি বলেছেন, এখন পর্যন্ত আমরা কাউকে প্রবেশ করতে দিচ্ছি না। সীমান্তের সম্মুখভাগে ভারতীয় সেনা ও পুলিশ বাহিনী টহল দিচ্ছে। অবশ্য মিয়ানমার থেকে পালিয়ে বেশ কিছু মানুষ ইতিমধ্যে ভারতে আশ্রয় নিয়েছেন। এদের মধ্যে অন্তত ১৯ জন পুলিশ সদস্য রয়েছেন, যারা জান্তা সরকারের আদেশ মানতে রাজি না হওয়ায় দেশত্যাগ করেন।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর থেকেই সেনাশাসনের বিরোধিতায় আন্দোলন চালিয়ে যাচ্ছে মিয়ানমারের জনগণ। বিক্ষোভ দমনে শক্ত অবস্থান নিয়েছে দেশটির জান্তা সরকারও। সেখানে জান্তাবিরোধী বিক্ষোভে এপর্যন্ত ৫০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। এ কারণে সেনাশাসকদের নির্দেশ অমান্য করে অনেকেই মিয়ানমার থেকে পালাতে চাচ্ছেন, বিশেষ করে দেশটির পুলিশ সদস্যরা।

 

 

০