নবাবগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্য আটক

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

নবাবগঞ্জ উপজেলায় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। গতকাল ভোরের দিকে উপজেলার গালিমপুর বাজারের খান মার্কেটে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। আটককৃত ডাকাতরা হলো—মুন্সীগঞ্জ জেলার মৃত শেখ হূদয়ের ছেলে শাহ আলম ও বাদল মিয়ার ছেলে জুম্মন হোসেন এবং নারায়ণগঞ্জ জেলার শহিদুল্লাহর ছেলে দেলোয়ার হোসেন, জমসের আলীর ছেলে ইউসুফ ও আনোয়ার হোসেনের ছেলে ইমন। এলাকাবাসী জানায়, গালিমপুর, টিকরপুরসহ ঢাকা-বান্দুরা নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দীর্ঘদিন ধরে এই চক্রটি ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, আটককৃত ডাকাতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহার করা একটি পিকআপ ভ্যান, চাপাতি, লোহার রড ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।