ইত্তেফাক রিপোর্ট
সাভারের আশুলিয়ায় পাঁচ শতাধিক পুরিয়া হেরোইন ও অর্ধশত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। গতকাল শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার মৃত নূর হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ও বাগেরহাট জেলার কচুয়া থানার মসনি গ্রামের মোবারক হোসেনের ছেলে মনির হোসেন।
পুলিশ জানায়, রাতে আশুলিয়ার বাইপাইল এলাকার বিসমিল্লাহ্ হোটেলের সামনে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন জাহাঙ্গীর ও মনিরকে আটকের পর দেহ তল্লাশি চালিয়ে হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো দুই জন পালিয়ে যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, পলাতক দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের চেষ্টা চলছে।