রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্র

দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেলের জয়েন্ট স্টাডের কাজ সম্পন্ন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেলের মূল জয়েন্ট স্টাডের কাজ সম্পন্ন হয়েছে। এটি পুরো পারমাণবিক বিদ্যুতের নিরাপদ উত্পাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোসাটমের গণমাধ্যম শাখা শনিবার প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা যায়, বিশেষজ্ঞগণ ১০ দিনে ১৭০ মিলিমিটার ব্যাসের ৫৪টি গর্ত নির্ভুলভাবে তৈরি করেন। রাশিয়ার জেএসসি এইএম টেকনোলজির ভল্গোদনস্ক শাখা (রোসাটমের যন্ত্র প্রস্তুতকারী শাখা—এটোমএনার্গোম্যাস) এই কাজ সম্পন্ন করে।

রোসাটম জানায়, এই কাজ শেষে মান নিয়ন্ত্রণ বিভাগ থ্রেডেড কোটিং এবং মান সম্পন্ন কাজের বিষয়কে পরীক্ষা করে দেখেন। হাইড্রলিক টেস্টের সময়, দুই মিটার স্টাডগুলোকে স্ক্রুর সাহায্যে থ্রেডেড গর্তে এবং ৫০ কিলোগ্রাম নাট শক্তভাবে লাগানো হবে। মূল জয়েন্টের থ্রেডগুলো রিঅ্যাক্টরকে সম্পূর্ণভাবে সিল করে। এই রিঅ্যাক্টরটি মানের দিক থেকে প্রথম শ্রেণির। রিঅ্যাক্টর ভেসেলের অভ্যন্তরে কোর ও ইন্টার্নাল যন্ত্র থাকে। ড্রাইভ মেকানিজমের সাহায্যে রিঅ্যাক্টরটি কভার দ্বারা সম্পূর্ণ অভেদ্যভাবে আটকানো থাকে। সেন্সরগুলোর আউটপুট তারের সাহায্যে রিঅ্যাক্টরের নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও পর্যবেক্ষণ করা হয়। একটি রিঅ্যাক্টর ও চারটি স্টিম জেনারেটরসহ মূল যন্ত্রাংশের একটি সম্পূর্ণ সেট ২০২০ সালে বাংলাদেশে পাঠানো হয়েছে। রাশিয়ান নকশা অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্র নির্মাণ করছে রোসাটম রাষ্ট্রীয় করপোরেশনের প্রকৌশল বিভাগ। এই কেন্দ্রে মোট দুইটি ইউনিটের প্রত্যেকটিতে ভিভিইআর ১২০০ রিঅ্যাক্টর থাকছে যার কর্মক্ষমতা থাকে ৬০ বছর, যা আরো ২০ বছর বাড়ানো যায় বলে জানানো হয়েছে।