ফেনীতে গ্যাসের চুলার সংযোগ লাইন বিস্ফোরণে মা ও দুই কন্যা দগ্ধ

ফেনী প্রতিনিধি

ফেনীতে গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সফিক ম্যানশনের একটি ইউনিটে গ্যাসের চুলার সংযোগ লাইনে বিস্ফোরণে মা ও দুই কন্যা অগ্নিদগ্ধ হয়েছে। ফেনী পৌরসভার শহিদ শহীদুল্লাহ কায়সার সড়কের দুলামিয়া বাইলেনের শফিক ম্যানশনের একটি ছয়তলা ভবনের পঞ্চম তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ফেনী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মৌসুদী ইত্তেফাককে জানান, গ্যাস সিলিন্ডার নয়, গ্যাসের চুলার সংযোগ লাইনের লিকেজের কারণে দুই-তিন ঘণ্টা ধরে গ্যাস বের হয়ে ঘরে আবদ্ধ থাকে। এ সময় গৃহকর্ত্রী মেহেরুন নেছা ও তার দুই কন্যা মশা মারার ব্যাট দিয়ে রান্না ঘরে মশা মারতে গেলে গ্যাস আবদ্ধ ঘরেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে তিনি জানান। আগুনে দগ্ধ মা ও দুই কন্যাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিত্সক আরএমও মো. ইকবাল হোসেন ভূঁঞার নির্দেশে তার পরিবারের সদস্যরাসহ রাতেই ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করেন। এদিকে দুই কন্যার মধ্যে এক জনকে প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিস্ফোরণে ঐ ভবনের তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ তলায় ক্ষতি হয়েছে।