আজ একই দিনে ম্যানচেস্টার ও মাদ্রিদ ডার্বি

স্পোর্টস ডেস্ক

প্রিমিয়ার লিগ ও লা লিগা, ইউরোপের শীর্ষস্থানীয় এই দুই লিগে এখন শীর্ষে আছে যথাক্রমে ম্যানচেস্টার সিটি ও অ্যাটলেটিকো মাদ্রিদ। শিরোপা পুনরুদ্ধারের মিশনে থাকা এই দুই দলের নিকটতম প্রতিদ্বন্দ্বী আবার তাদের শহরেরই অপর দুই দল। নগরপ্রতিদ্বন্দ্বীদের শিরোপা অন্বেষণের রাস্তাকে আরো বন্ধুর করে দিতে আজ সিটি ও অ্যাটলেটির আতিথ্য গ্রহণ করছে ওলে গুনার সোলস্যারের ম্যানচেস্টার ইউনাইটেড ও জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ।

আজ বাংলাদেশ সময় রাত ৯.১৫টায় ওয়ান্দা মেট্রোপালিতানোতে মাঠে নামবে মাদ্রিদের দুই দল। লিগে লেভান্তের কাছে টানা দুই ম্যাচে পয়েন্ট খোয়ানোর পর গত ম্যাচে ভিলারিয়ালকে হারিয়ে আবার ছন্দে ফিরেছে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো। রিয়াল মাদ্রিদের হাতে মৌসুমের প্রথম ম্যাচে হারার প্রতিশোধ আজ নিতে পারলে টেবিলে নগরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে আট পয়েন্টে এগিয়ে যাবে লা লিগা লিডাররা। আর জিদানের শিষ্যদের কাছে সুযোগ থাকছে আবারও পূর্বের ম্যাচের পুনরাবৃত্তি করে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে আনার।

প্রিমিয়ার লিগে সাম্প্রতিক সময়ের সবচেয়ে সফল দল এবং বর্তমান লিগ লিডার ম্যানচেস্টার সিটি আজ ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০.৩০টায় মুখোমুখি হবে ১৯ বারের চ্যাম্পিয়ন ইউনাইটেডের। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গত আড়াই মাস ও ২১ ম্যাচ ধরে জয় বাদে অন্য কিছুর মুখ দেখেনি পেপ গার্দিওলার দল। অপরদিকে লিগে এক বছরেরও বেশি সময় ধরে প্রতিপক্ষ মাঠে হারছে না ব্রুনো ফার্নান্দেজরা। এই মৌসুমের প্রায় সব বড় ম্যাচের মতো এই ম্যাচেও ইউনাইটেড গোলশূন্য ড্র করতে পারলে আজকেই থেমে যাবে সিটির অবিশ্বাস্য জয়রথ। তবে সেক্ষেত্রেও তেমন ক্ষতি হচ্ছে না আকাশী নীলদের। দুইয়ে থাকা ইউনাইটেডের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে আছে সিটি। ড্র করলে তাই ব্যবধান সমানই থাকছে। যার মানে ড্র করলেও শিরোপার আরো কাছেই যাবে সিটিজেনরা।