সমতায় ফিরল লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক

স্পিনারদের কৃতিত্বে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে হারিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। এই জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা।  এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৬০ রান। ১৬১ রান তাড়া করতে নেমে ওয়ানেন্দু হাসারাঙ্গা ও লাষ্কান সান্দাকানের অসাধারণ বোলিং নৈপুণ্যে মাত্র ১১৭ রানে সব উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। পেসার একজন কমিয়ে লঙ্কানরা দলে নিয়েছিল একজন বাড়তি স্পিনার। লেগ স্পিনার হাসারাঙ্গার ও চায়নাম্যান বোলার সান্দাকানের শিকার করেন তিনটি করে উইকেট। পাশাপাশি ব্যাট হাতে ছোট্ট গুরুত্বপূর্ণ ইনিংসে ম্যাচের সেরা অবশ্য হাসারাঙ্গাই। ওভারে ছয় ছক্কা ও ৪ ওভারে ৬২ রানের হতাশা ভুলে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন আকিলা ধনঞ্জয়া। ৪ ওভারে ১৩ রান দিয়ে তিনি নেন ১ উইকেট। আরেক স্পিনার দানুশকা গুনাথিলাকাও নেন জেসন হোল্ডারের মূল্যবান উইকেট।