সুনামগঞ্জে বিজিবির সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ চোরাকারবারি নিহত

সুনামগঞ্জের বনগাঁও সীমান্তে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক চোরাকারবারি নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম কামাল হোসেন (৩৮), সীমান্তের ইসলামপুর উত্তরপাড়ার আব্দুল আওয়ালের ছেলে। গতকাল শনিবার বিকালে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর বনগাঁও সীমান্তে অতিরিক্ত বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানান, বনগাঁও সীমান্ত দিয়ে ভারতীয় গরু নামছে খবর পেয়ে বিকালে সেখানে একদল বিজিবি সদস্য পৌঁছায়। বিজিবি সদস্যরা ইসলামপুর উত্তর পাড়ার পাশের ভারতীয় সীমানায় কয়েকটি গরু পান। ঐ গরুগুলো সীমান্তের ওপার থেকে চোরাই পথে আনা হয়েছে দাবি করে গরুগুলো আটক করে বিজিবি সদস্যরা। অন্যদিকে গ্রামের কামাল হোসেন, তার বোন আমেনা আক্তার, আমেনা আক্তারের স্বামী মোস্তফা মিয়া গরুগুলো তাদের গৃহপালিত দাবি করে। এই নিয়ে দুইপক্ষে কথা কাটাকাটি ও টানাহেঁচড়া শুরু হয়। এক পর্যায়ে গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বিজিবির ওপর চড়াও হলে বিজিবি সদস্যরা গুলি ছোড়ে। এসময় কামাল হোসেন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত কামাল হোসেনকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তাররা তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে জরুরি বিভাগের চিকিত্সক ডা. খোকন জানান, পৌঁছার আগেই কামালের মৃত্যু হয়।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম জানান, চোরাকারবারি কামাল টহল দলের সদস্য ল্যান্স নায়ক থুই হলা মং মারমাকে লাঠি ও দা দিয়ে আঘাত করে। আত্মরক্ষার্থে গুলি চালান থুই হলা মং মারমা। একটি গুলি কামালের পায়ে লাগে।